বাগান বাজার ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর মাঠ সংলগ্ন এলাকায় সংরক্ষিত সরকারি গাছ কাটার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমানের ফেসবুক পোস্টে জানানো হয়, কয়েকদিন আগে দুই দফায় গাছ কাটার চেষ্টা করা হলেও স্থানীয় সচেতন মানুষের প্রতিরোধে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পোস্টে উল্লেখ করা হয়, গতকাল গভীর রাতেও আবার একই অপচেষ্টা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, অস্ত্রসহ একটি দল এলাকায় এসে গাছ কাটার চেষ্টা করে এবং এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। রাত প্রায় ২টার দিকে গাছ পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে ভোর ৪টার দিকে সেহেরির সময় আবারও গাছ কাটতে এলে এলাকাবাসীর ধাওয়ায় দ্রুত সরে পড়ে।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার মাঠ সংলগ্ন এই জায়গাটি দখলের জন্য গত পাঁচ বছর একটি সংঘবদ্ধ গ্রুপ চেষ্টা চালিয়ে আসছে। নামে বেনামী বিভিন্ন কমিটি গঠন করে এই জায়গার মালিকানা দাবি করে আসছে। যদিও দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাধারণ মানুষের দাবি, এই জায়গাটি খেলার মাঠ ও তার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে জায়গাটি সংরক্ষণ করে আসছেন তারা। কিন্তু, আঞ্চলিক মহাসড়কের পাশে জায়গাটি হওয়ায়, কতিপয় ব্যক্তির এই জায়গাটি দখলের জন্য উঠেপড়ে লেগেছে। ঘটনাস্থলে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বন বিভাগের সংশ্লিষ্টরা কয়েকজনকে সন্দেহ করছেন, তবে এখনো কাউকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়নি।
এলাকাবাসী বন বিভাগের কাছে দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সতর্ক থাকার কথা জানিয়েছেন।

